প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ০১:১২ এএম
আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক, তার স্ত্রী ইলা হক ও ছেলে জিয়াউল হকের ৫৬টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে রুহুল হকের ৩৯টি, ইলা হকের ২টি ও জিয়াউল হকের ১৫টি ব্যাংক হিসাব রয়েছে। এসব হিসাবে মোট ১৫ কোটি ৪০ লাখ টাকা আছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, আ ফ ম রুহুল হক তার নিজের ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে ৫৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন করেছেন। তারা ওই হিসাবগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ওই হিসাবগুলো অবিলম্বে ফ্রিজ করা আবশ্যক।