প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৬:৩৯ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫ ১৬:৪০ পিএম
ছবি: সংগৃহীত।
ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।
এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) চাঁদ মিয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত অপূর্বকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশের আবেদনে বলা হয়, আসামি কোরআন অবমাননার ঘটনায় জড়িত—এমন সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে অপূর্ব পাল স্বীকার করেছে যে, সে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্রগ্রন্থ কোরআন হাতে নিয়ে সবার সামনে ফ্লোরে ফেলে দেয় এবং পরে পা দিয়ে পদদলিত করে। এর মাধ্যমে ধর্মীয় বিশ্বাসের অবমাননা করে মুসলমানদের অনুভূতিতে আঘাত হানে। মামলার তদন্ত এখনো চলমান। তদন্তের স্বার্থে পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। তাই পুলিশ তার জামিন আবেদন নাকচ করে কারাগারে আটক রাখার প্রার্থনা করে।
এর আগে, শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেয়।
এ ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত শিক্ষার্থী নিজেও তার ফেসবুক অ্যাকাউন্টে ওই ভিডিও আপলোড করেন। পরে রাতে উত্তেজিত শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা তার বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপূর্ব পালকে আটক করে থানায় নিয়ে যায়। রাতে ভাটারা থানার উপপরিদর্শক হাসমত আলী বাদী হয়ে ধর্ম অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।