× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতসহ আরও ৫ দেশে সাবেক ভূমিমন্ত্রীর সম্পদের খোঁজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৫ এএম

ফাইল ফটো।

ফাইল ফটো।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে-বেনামে আরও পাঁচ দেশে সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নতুন তালিকায় রয়েছে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ক্যাম্বোডিয়া। দুদকের নেতৃত্বে গঠিত বিশেষ টাস্কফোর্সের তদন্তে এসব দেশের ব্যাংক হিসাব, সম্পত্তি ক্রয় ও বিনিয়োগ সংক্রান্ত নথিপত্র উদ্ধার করা হয়েছে। এর আগে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে সাইফুজ্জামান চৌধুরীর নামে-বেনামে ৫৮২টি বাড়ি ও ফ্ল্যাটের প্রমাণ হাতে পেয়েছিল দুদক

রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে দুদকের এক অভিযানে সাইফুজ্জামানের স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানের ড্রাইভার মো. ইলিয়াস তালুকদারের বাড়ি থেকে দুর্নীতি ও অবৈধ সম্পদ সংক্রান্ত ২৩ বস্তা রেকর্ডপত্র উদ্ধার করা হয়। এসব রেকর্ডপত্র থেকে এ তথ্য পাওয়া যায়।

দুদকের জনসংযোগ (উপ-পরিচালক) কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ভোরে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ৩ নম্বর শিকলবাহা ইউনিয়নের ওসমান তালুকদারের বাড়ি থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি, পুলিশ ও অন্যান্য সাক্ষীদের উপস্থিতিতে এসব আলামত উদ্ধার করা হয়। দুদকের উপস্থিতি টের পেয়ে এগুলো পাশের বাড়িতে রাখা হয়েছিল।

দুদক সূত্র জানায়, ১৬ সেপ্টেম্বর কালুরঘাটে অবস্থিত আরামিট গ্রুপের শিল্প প্রতিষ্ঠান থেকে ডকুমেন্টগুলো গোপনে সরিয়ে নেওয়া হয়েছিল। ইউসিবিএলের চেয়ারম্যান রুকমীলা জামানের ড্রাইভার মো. ইলিয়াস তালুকদার প্রথমে সেগুলো নিজের বাড়িতে রাখলেও পরে ১৮ সেপ্টেম্বর অভিযান শুরুর আগে পাশের ওসমান তালুকদারের বাড়িতে সরিয়ে রাখেন।

উদ্ধারকৃত আলামত প্রাথমিকভাবে পর্যালোচনায় দেখা গেছে, ইতোপূর্বে প্রাপ্ত ৪টি দেশের (যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুর) ৫৮২টি সম্পদ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ক্যাম্বোডিয়ায় সম্পদ অর্জনের তথ্য রয়েছে। এছাড়া দেশে-বিদেশে ক্রয়কৃত বাড়ির মালিকানা, ভাড়ার আয়, মেইনটেনেন্স ব্যয়সহ বিভিন্ন তথ্য ও ডকুমেন্টস এবং সাইফুজ্জামান চৌধুরীর দ্বারা বিদেশে মুদ্রা পাচার ও মানি লন্ডারিংয়ের প্রমাণও এই ডকুমেন্টে রয়েছে।

দুদক জানিয়েছে, অনুসন্ধান টাস্কফোর্স ধাপে ধাপে এসব নথি যাচাই করে সুনির্দিষ্ট তথ্য কমিশনের কাছে উপস্থাপন করবে।

গত ১৮ সেপ্টেম্বর বিভিন্ন দেশে অর্থ পাচারের প্রক্রিয়ার আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের এজেন্ট হিসেবে কাজ করা আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল এবং দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আজিজকে গ্রেপ্তার করে দুদক।

ক্ষমতার পরিবর্তনের পর সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর দুদক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি করার জন্য আদালতে আবেদন করেছে।

প্রায় ১৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রীরুকমীলা জামানসহ ইউসিবি ব্যাংকের অর্ধশত কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত চলমান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা