× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুপ্রিম কোর্ট হেল্প লাইনে বছরে ৩ হাজার ব্যক্তির সেবা প্রাপ্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩ এএম

সুপ্রিম কোর্ট হেল্প লাইনে বছরে ৩ হাজার ব্যক্তির সেবা প্রাপ্তি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের (হাইকোর্ট ও আপিল বিভাগ) হেল্প লাইনে সারা দেশ থেকে গত এক বছরে আইনি সেবা পেয়েছেন তিন হাজার ৭২ জন বিচারপ্রার্থী। সোমবার (১ে৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এমন তথ্য জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশক্রমে সুপ্রিম কোর্ট গত বছরের সেপ্টেম্বর মাসে হেল্প লাইন চালু করে। পাশাপাশি হেল্প লাইন নম্বরে হোয়াটসঅ্যাপ, অনলাইন অ্যাপ ও ই-মেইল সার্ভিসও চালু করা হয়। চালু করার পর থেকেই ৩১ আগস্ট পর্যন্ত সারা দেশ থেকে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিলসংক্রান্ত মোট তিন হাজার ৭২টি কল আসে। তিনি জানান, আইনি পরামর্শ সেবা গ্রহণে সারা দেশ থেকে ১ হাজার ৬৬৮টি কল আসে। এ ছাড়া বিভিন্ন মামলার তথ্য জানতে চেয়ে ১১৫৭টি কল আসে। যার সব তথ্যই সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে।

রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান বিচারপতি বরাবর গত সেপ্টেম্বর মাস থেকে গতকাল পর্যন্ত সর্বমোট ৬১টি অভিযোগ আসে। অভিযোগগুলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের এখতিয়ার বহির্ভূত হওয়ায় কী করণীয় সে বিষয়ে তাদের পরামর্শ দেওয়া হয়। সুপ্রিম কোর্ট হেল্প লাইন আইনি সেবাপ্রাপ্তির ক্ষেত্রে সমস্যাগুলো দূরীকরণে কার্যকর পদক্ষেপ রাখছে, যা থেকে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে।

শফিকুল ইসলাম বলেন, বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি, অসদাচরণ সম্পর্কিত আট মাসে মোট ১৮৬টি অভিযোগ আসে। যার মধ্যে বিলম্বে আইনিসেবা প্রাপ্তিসংক্রান্ত অভিযোগ ৯৬টি। যার সব সেবা নিশ্চিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে।

অবশিষ্ট ৯০টি অভিযোগ বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, অসদাচরণ সম্পর্কিত। যার মধ্যে, হাইকোর্ট বিভাগের বিচারকদের বিরুদ্ধে ৫টি, জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে ৩২টি, আপিল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ১টি, হাইকোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ৬টি, জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে ৩৭টি এবং আইনজীবীদের বিরুদ্ধে ৯টি অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, সপ্তাহে ৫ দিন (রোববার-বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্টের হেল্প লাইন নম্বর খোলা থাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা