প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম
বামে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ডানে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশে আন্দোলনের সমন্বয়কদের আটক রেখে মানসিক নির্যাতনের মাধ্যমে আন্দোলন প্রত্যাহারে বাধ্য করা হয়েছিল বলে জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার ১১তম দিনের সাক্ষ্যগ্রহণে এ তথ্য দেন তিনি
এদিন রাজসাক্ষী হিসেবে আদালতে হাজির হয়ে মামুন বলেন, ‘আন্দোলনকে ভেঙে দিতে সমন্বয়কদের আটকের নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছিল।’
এর আগে, জুলাই আন্দোলনে আহতরা, চিকিৎসক, প্রত্যক্ষদর্শী এবং শহীদ পরিবারের সদস্যরা আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাদের জবানবন্দিতে উঠে এসেছে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানো, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া, মরদেহ পোড়ানো এবং শেখ হাসিনার সরাসরি গুলি চালানোর নির্দেশ দেওয়ার মতো ঘটনা।
উল্লেখ্য, জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। তবে মামুন ইতোমধ্যেই নিজের অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। প্রতিদিনের সাক্ষ্যগ্রহণের সময় তাকে আদালতে হাজির করা হয় এবং তিনি শেখ হাসিনার বিরুদ্ধে একে একে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন।
ট্রাইব্যুনালে চলমান এই মামলাটি বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচিত হচ্ছে।