প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৯ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৪ এএম
গ্রাফিক্স/প্রবা
জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাবেক আইজিপি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে ক্যামেরা ট্রায়ালে তিনি জবানবন্দি দেবেন।
এর আগে, গত ১০ জুলাই ট্রাইব্যুনালে হাজির হয়ে মামুন নিজেই দায় স্বীকার করেন এবং রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সেদিন তিনি বলেন, ‘জুলাই-আগস্ট হত্যাযজ্ঞে আমি সম্পৃক্ত ছিলাম। সব রহস্য উন্মোচন করব। এই মামলায় স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই। গণহত্যা সম্পর্কে যত সত্য আছে, তা আমি জানাতে চাই।’
পরে তার আইনজীবী জায়েদ বিন আমজাদ আদালতে আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে তাকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করে।
এ মামলায় তদন্ত সংস্থা গত ১২ মে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘জুলাই গণহত্যার নির্দেশদাতা’ হিসেবে চিহ্নিত করা হয়। অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
অভিযোগপত্রে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালায়। এতে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারান।
আজকের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে আইনজীবীরা মনে করছেন।