প্রতিবন্ধীদের টাকা আত্মসাৎ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৪ এএম
সায়মা ওয়াজেদ পুতুল। ছবি: সংগৃহীত
প্রতিবন্ধীদের সহায়তার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা আত্মসাতে শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি ৯৩০ কোটি টাকার বেশি সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে পুতুলসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। গতকাল সোমবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের অভিযোগে বলা হয়, পুতুলসহ অন্য আসামিরা সূচনা ফাউন্ডেশন নামে নামসর্বস্ব প্রতিষ্ঠান গঠন করে এনজিও বিষয়ক ব্যুরো ও সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন নিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অবৈধ সুবিধা দিয়ে তাদের কাছ থেকে ডোনেশনের নামে অর্থ আদায় করেন। পরে সেই অর্থ প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় না করে আত্মসাৎ করেছেন।
মামলার আসামিরা হলেনÑ সূচনা ফাউন্ডেশনের ট্রাস্টি সায়মা ওয়াজেদ, নাজমুল হাসান পাপন, সায়ফুল্লাহ আব্দুল্লা সোলেনখী, প্রাণ গোপাল দত্ত, জ্যান বারী রিজভী, চেয়ারপারসন অধ্যাপক মাজহারুল মান্নান, ট্রেজারার মো. শামসুজ্জামান, নির্বাহী সদস্য আ ফ ম রুহুল হক, নুরুল ইসলাম বিএসসি, সালমান এফ রহমান, মো. আজিজ খান, একেএম রহমাতুল্লাহ, মঈন উদ্দীন হাসান রশিদ, মোস্তফা কামাল, এনায়েতুর রহমান, ইন্তেকাবুল হামিদ, সূচনার সদস্য শিরিন জামান মুনির, এমএস মেহরাজ জাহান ও হেলাল উদ্দিন আহমেদ। এ ছাড়া করছাড়সহ সূচনা ফাউন্ডেশনকে নানাবিধ সুবিধা প্রদানসহ অনিয়মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমানসহ এনবিআরের ১৬ কর্মকর্তাকে এই মামলায় আসামি করা হয়েছে।
গত বছরের ৫ আগস্টের পর সূচনা ফাউন্ডেশনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গত বছরের ২৪ নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দেয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আর চলতি বছরের ফেব্রুয়ারিতে ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি সুবিধা বাতিল করে এনবিআর। চলতি বছরের ২৯ জানুয়ারি সূচনা ফাউন্ডেশনে অভিযান চালায় দুদক। সে সময় প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব খুঁজে পায়নি তারা। তবে দৃশ্যমান অস্তিত্ব না পেলেও সাত মাসের ব্যবধানে পুতুলের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ লুটপাট, কর ফাঁকিসহ দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক।