প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১১:০৩ এএম
শহীদ আবু সাঈদ। ফাইল ফটো
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে আজ।
বুধবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি বিচারিক প্যানেল এ কার্যক্রম পরিচালনা করবেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণ শুরুরও কথা রয়েছে।
মামলার মোট আসামি ৩০ জন। এর মধ্যে ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তারা হলেন— এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
অন্যদিকে, সাবেক ভিসি হাসিবুর রশীদসহ বাকি ২৬ জন এখনও পলাতক। তাদের পক্ষে গত ২২ জুলাই রাষ্ট্রের খরচে চারজন আইনজীবী নিয়োগ দেন আদালত।
গত ৬ আগস্ট ট্রাইব্যুনাল এ মামলায় ফরমাল চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এর আগে ২৮–৩০ জুলাই আসামিদের পক্ষে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা পলাতক ও গ্রেপ্তার আসামিদের হয়ে অব্যাহতি চেয়ে যুক্তি উপস্থাপন করেছিলেন।
আজকের সূচনা বক্তব্যে প্রসিকিউশনের পক্ষে থাকবেন গাজী এমএইচ তামিম, মিজানুল ইসলাম, মঈনুল করিম ও আবদুস সাত্তার পালোয়ান। এর আগে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতে বিস্তারিত অভিযোগ তুলে ধরে আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করেছিলেন।
মামলার তদন্ত প্রতিবেদন গত ২৪ জুন জমা দেওয়া হয়। এরপর ৩০ জুন আদালত আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। আজকের সূচনা বক্তব্যের মধ্য দিয়েই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে।