× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১৫:৩৭ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৫ ১৫:৪০ পিএম

শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি

গুম ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি। এ বিষয়ে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় লিখিত অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে উপস্থিত হয়ে অভিযোগ জমা দেন।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, সুখরঞ্জন বালি চিফ প্রসিকিউটর অফিসে অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, তাকে অপহরণ করে আটকে রাখা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল এবং দীর্ঘদিন ভারতের কারাগারে আটক রাখা হয়েছিল।

অভিযোগে সুখরঞ্জন বালি উল্লেখ করেন, ২০১২ সালে ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলা চলাকালে তাকে পিরোজপুর থেকে সাক্ষ্য দেওয়ার জন্য আনা হয়। সেসময় তাকে জোরপূর্বক সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে চাপ দেওয়া হয় এবং শারীরিক লাঞ্ছনার শিকার হতে হয়।

সুখরঞ্জন বালি বলেন, আমার ভাই বিশাবালীকে ১৯৭১ সালে পাকিস্তানি সেনারা হত্যা করে। এ বিষয়ে আমি তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনকে প্রকৃত ঘটনা বলি। কিন্তু তিনি আমাকে দেলাওয়ার হোসাইন সাঈদীর নামও উল্লেখ করতে বলেন। আমি রাজি না হলে তিনি আমাকে শারীরিকভাবে নির্যাতন করেন। পরে অন্য কর্মকর্তারাও আমাকে মিথ্যা সাক্ষ্য দিতে চাপ ও হুমকি দেন। আমি তাদের হাত থেকে পালিয়ে আত্মগোপনে চলে যাই।

সুখরঞ্জন বালি জানান, পরে দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী তার সঙ্গে যোগাযোগ করেন এবং তার ভাইয়ের হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা ট্রাইব্যুনালে জানানোর জন্য তাকে অনুরোধ করেন। এ প্রেক্ষিতে তিনি ঢাকায় আসেন এবং ২০১২ সালের নভেম্বর মাসে অ্যাডভোকেট মিজানুল ইসলামের মাধ্যমে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার প্রস্তুতি নেন।

কিন্তু ৫ নভেম্বর ২০১২ সকালে ট্রাইব্যুনালের প্রাঙ্গণ থেকে তাকে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা জোরপূর্বক একটি গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তিন মাস আটকে রাখার পর তাকে সীমান্ত এলাকায় নিয়ে গিয়ে ভারতের সীমান্তরক্ষীদের হাতে তুলে দেওয়া হয়।

সুখরঞ্জন বালির অভিযোগ, তাকে ভারতের পশ্চিমবঙ্গের বশিরহাট এলাকায় নিয়ে আটক রাখা হয় এবং টানা পাঁচ বছর কারাভোগ করতে হয়। এরপর তিনি মুক্তি পান।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আমাকে অপহরণ, আটক ও শারীরিক নির্যাতন করা হয়েছিল। এ ঘটনায় আমি আইনি প্রতিকার চাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা