২১ আগস্ট গ্রেনেড হামলা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১৪:৫৮ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫ ১৫:২৩ পিএম
ফাইল ফটো
২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টে খালাস পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শেষ হয়েছে। আগামীকাল বুধবার (২০ আগস্ট) ফের শুনানি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এদিনের শুনানি শেষ হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। অপরদিকে আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির।
গত বছর ১ ডিসেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবনপ্রাপ্তসহ সব আসামিকে খালাস দেন। ১৯ ডিসেম্বর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। পরে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। চলতি বছরের ১ জুন রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেন আদালত। এরপর থেকেই আপিলের ওপর শুনানি শুরু হয়েছে।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলায় নিম্ন আদালত মৃত্যুদণ্ড, যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা দেন আসামিদের।