জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ১৪:৪৭ পিএম
সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী। ছবি: সংগৃহীত
গাজীপুরের জয়দেবপুরে ২০১৬ সালে জঙ্গি নাটক সাজিয়ে সাত যুবক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
অন্য আসামিরা হলেন— গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক প্রধান মনিরুল ইসলাম, বগুড়ার তৎকালীন এসপি ও এএসপি।
ট্রাইব্যুনালে এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও মোহাম্মদ মিজানুল ইসলামসহ অন্যান্যরা।
জানা গেছে, ২০১৬ সালে দেশের বিভিন্ন জেলা থেকে ইসলামি মনোভাবাপন্ন কয়েকজন যুবক-কিশোরকে আটক করা হয়। তারা মাদরাসার ছাত্র অথবা ইসলামি মতাদর্শে বিশ্বাসী ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন যাত্রাবাড়ীর একটি মাদরাসার ছাত্র ইবরাহীম। ১৯ বছর বয়সী ওই কিশোর গাজীপুরের কথিত ‘জঙ্গি নাটকে’ নিহত হন। বিচারবহির্ভূতভাবে ছেলেকে গুম ও হত্যার অভিযোগে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ করেন ইবরাহীমের বাবা। পরে এ ঘটনার তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সাংবাদিকদের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০১৬ সালের ৮ অক্টোবর সারাদেশ থেকে সাতজনকে গ্রেপ্তার করে গাজীপুরের জয়দেবপুরে একটি ভাড়া বাসার দোতলায় রাখা হয়। পরে বাইরে তালা লাগিয়ে জঙ্গি আস্তানা রয়েছে বলে অভিযান চালানো হয় সিটিটিসি ও সোয়াতের সদস্যদের দ্বারা। একপর্যায়ে সরাসরি গুলি চালিয়ে সাতজনকেই হত্যা করা হয়। হত্যার পর নিহতদের রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত বলে প্রচার করা হয়।
এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অংশ হিসেবে প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর ধারাবাহিকতায় সোমবার সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।