প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১৫:০৯ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫ ১৬:১৪ পিএম
বাম থেকে আশুলিয়ায় ৬ লাশ পুড়িয়ে হত্যা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার অদূরে আশুলিয়ায় ছয়জন আন্দোলনকারীর লাশ পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ২১ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২।
বুধবার (১৩ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল–২ এই তারিখ নির্ধারণ করেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আসামি পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন ও পাটোয়ারী এম মাহাদী হাসান। প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন- প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান।
এর আগে, গত ৭ আগস্ট রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবীরা এক সপ্তাহ সময় চান, যা মঞ্জুর করে আজকের দিন ধার্য করা হয়।
মামলার মোট আসামি ১৬ জন। এর মধ্যে আটজন গ্রেপ্তার হয়ে আদালতে হাজির আছেন—সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, জেলা ডিবি (উত্তর)–এর সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান, শেখ আবজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার।
অপর আটজন—সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহাসহ—পলাতক। তাদের পক্ষে ট্রাইব্যুনাল রাষ্ট্রনিযুক্ত দুইজন আইনজীবী নিয়োগ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ৫ জন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। পরে নিহত ৫ জনের লাশ এবং আহত ব্যক্তিকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ছড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
ওই সময় নিহত হন সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন; একজনের পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।