প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ২০:০৩ পিএম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. হারুন-অর-রশিদ বিশ্বাস। ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. হারুন-অর-রশিদ বিশ্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিপুল অঙ্কের সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৬ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদক সূত্রে জানা গেছে, হারুন-অর-রশিদ বিশ্বাস জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে মোট পাঁচ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার ৮৬ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখেছেন। এছাড়া, তিনি ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা নয়টি ব্যাংক হিসাবে ৫৭ কোটি ৭০ লাখ ১১ হাজার ৭৩৯ টাকার সন্দেহজনক লেনদেন সংঘটিত হয়েছে।
অনুসন্ধানে আরও জানা যায়, তার বৈধ আয়ের পরিমাণ তিন কোটি ৫৯ লাখ দুই হাজার ৯৫ টাকা। কিন্তু অনুসন্ধানকালে তার নামে পাওয়া সম্পদের মোট মূল্য ৮ কোটি ৯৬ লাখ ৩৫ হাজার ১৮১ টাকা এবং সর্বশেষ আয়কর রিটার্নে দেখানো নিট সম্পদের পরিমাণ সাত কোটি ১৭ লাখ ৩২ হাজার ৫৮৩ টাকা। ফলে জ্ঞাত আয়ের বাইরে পাঁচ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার ৮৬ টাকার সম্পদ অর্জনের বিষয়টি প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা; এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।