প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ২২:১২ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫ ২২:১৩ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৪ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহিদুল ইসলাম লাশ উত্তোলনের জন্য আবেদন করেন।
ওই আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন সময়ে ঢাকা মহানগরীতে নানা বয়সের নারী-পুরুষ নিহত হন। এদের মধ্যে ১১৪ জন অজ্ঞাত শহীদকে অশনাক্ত হিসেবে মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছে। ভবিষ্যতে আইনতগত পদক্ষেপ নেওয়া এবং শহীদদের মৃতদেহ শনাক্তের জন্য লাশ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কবর থেকে উত্তোলন করা প্রয়োজন।
আবেদনে আরও বলা হয়, এসব লাশের ময়নাতদন্তের রিপোর্ট, ডিএনএ নমুনা সংগ্রহের মাধ্যমে লাশের পরিচয় নিশ্চিত হতে হবে। এ ছাড়া আইনি কার্যক্রম শেষে পরিবারের চাহিদা মোতাবেক লাশ পরিবারের কাছে হস্তান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।
এরপর বিচারক আবেদনসহ নথি পর্যালোচনা করেন। সার্বিক পর্যালোচনা শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। একই সঙ্গে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৭৬(২) ধারার বিধান অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।