× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইএফআইসি ব্যাংক

ভল্ট ভেঙে টাকা চুরি মামলায় নাইটগার্ডের দুই সহযোগী রিমান্ডে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৫ ১৬:২৩ পিএম

ভল্ট ভেঙে টাকা চুরি মামলায় নাইটগার্ডের দুই সহযোগী রিমান্ডে

ঢাকার কেরানীগঞ্জে আইএফআইসি ব্যাংকের ভল্ট ভেঙে ১৫ লাখ টাকা চুরির ঘটনায় করা মামলায় ওই ব্যাংকের নাইটগার্ড মো. সিয়ামের দুই সহযোগী আল আমিন হাওলাদার ও ইমরান শেখ একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৫ জুন) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম মহিউদ্দিনের আদালত এ আদেশ দেন। এর আগে গত ১১ জুন মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক সুমন মিয়া তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। ওইদিন রিমান্ড শুনানির জন্য আদালত ১৫ জুন দিন ধার্য করেন।

আজ আসামিদের আদালতে হাজির করে পুলিশ। পরে রিমান্ড শুনানি শুরু হয়। আসামি পক্ষের আইনজীবী আব্বাস উদ্দিন রিমান্ড নামঞ্জুর চেয়ে জামিনের পক্ষে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, এ মামলার আসামিদের কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার হয়েছে। চুরি হওয়া সব টাকা পাওয়া গেছে। রিমান্ডে নেওয়ার আর কোনো কারণ নেই। সেজন্য তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করছি। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১১ জুন ব্যাংকটিতে চুরির ঘটনায় ওই ব্যাংকের নাইটগার্ড মো. সিয়াম দায় স্বীকার করে জবানবন্দি দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ জুন রাতে রোহিতপুর বোর্ডিং মোড় এলাকার ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইএফআইসি ব্যাংকটির ভল্ট ভেঙে ১৫ লাখ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চক্র। চুরির ঘটনার পরপরই ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করে। এসময় আসামি সিয়ামের ভাড়া বাসা থেকে ৭ লাখ ৪০ হাজার টাকা, আল আমিনের বাসা থেকে ২ লাখ ৪০ হাজার টাকা এবং ইমরানের বাড়ি থেকে ৫ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় চুরির কাজে ব্যবহৃত গ্রাইন্ডিং মেশিন, লোহার শাবল, চাকু ও হার্ডডিস্কসহ সিসিটিভির ডিভিআর ডিভাইসও জব্দ করা হয়েছে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, ঈদের ছুটির কারণে ব্যাংকটি বন্ধ ছিল। এই সুযোগে পরিকল্পিতভাবে ব্যাংকের পেছনের দেয়ালে থাকা ওয়াশরুমের অ্যাডজাস্ট ফ্যান ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। প্রথমে সিসিটিভি ক্যামেরার তার কেটে সিস্টেম অকার্যকর করে ফেলে। পরে ভল্ট ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, সন্দেহভাজন হিসেবে প্রথমেই নজরে আসেন নাইটগার্ড মো. সিয়াম। শুরুতে তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি ব্যাংকের বাইরে ছিলেন এবং অজ্ঞাত কেউ ভেতরে ঢুকে চুরি করে। তবে তার বক্তব্যে অসংগতি পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা