প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫ ০৯:২৩ এএম
আপডেট : ০৫ মে ২০২৫ ০৯:২৪ এএম
ভূমি নিয়ে বিরোধের জেরে বছরের পর বছর মামলার পেছনে ঘুরে আপনিও কি ক্লান্ত! চিরাচরিত দীর্ঘসূত্রিতার এই চিত্র বদলে দিয়েছে জেলা লিগ্যাল এইড। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ভূমি-বিরোধ সমাধানের ভোগান্তিমুক্ত ও দ্রুততম মাধ্যম হিসেবে লিগ্যাল এইড অফিস, ঢাকা নিয়মিত সরেজমিনে মীমাংসা সভা পরিচালনা করে আসছে। এতে করে বিচারপ্রার্থী মানুষের যেমন সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে, তেমনি রাষ্ট্রীয় বিচার প্রক্রিয়ার প্রতি তাদের আস্থা ও ভরসাও ক্রমাগত দূঢ় হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকা জেলার বাড্ডা থানাধীন আফতাব নগরে দুইপক্ষের মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনে লিগ্যাল এইড অফিসার, ঢাকা ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খানের নেতৃত্বে সরাসরি ঘটনাস্থলে গিয়ে মীমাংসা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, জমির সীমানা নিধারণে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা নিরূপণের পাশাপাশি তিনি উপস্থিত সকল পক্ষকে আইন ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করেন। এই উদাহরণ প্রমাণ করে যদি সদিচ্ছা ও সঠিক পদ্ধতি অনুসরণ করা হয়, তবে দেশের প্রতিটি অঞ্চলে অজস্র দীর্ঘসূত্রিতা ও অকারণ মামলা এড়িয়ে দ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব।
লিগ্যাল এইড অফিসের এমন যুগোপযোগী পদক্ষেপগুলো সাধারণ মানুষের আইনি সচেতনাতা বুদ্ধির পাশাপাশি এক নতুন সংস্কৃতির সূচনা করছে। যেখানে আদালত মানে দীর্ঘ সময়ের আতঙ্ক নয়, বরং স্বল্প সময়ে ন্যায়ের আশ্বাস।