প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ ১৫:০৮ পিএম
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার কেস ডায়েরি পুড়ে যাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরকে সঠিক নয় বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২২ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘সাগর-রুনি হত্যা মামলার তদন্তের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। এ নিয়ে কেউ কেউ ডিবির নথি পুড়ে যাওয়ার সংবাদ প্রচার করছেন, যা সঠিক নয়।’ তিনি আরো জানান, আদালতে নথি পুড়ে যাওয়ার কোনো বিষয় বলা হয়নি। বরং এডিশনাল অ্যাটর্নি জেনারেল আরশাদ রউফ আদালতকে জানান, ডিবির অধিকাংশ কর্মকর্তার বদলি হওয়ায় পুরনো নথিগুলো খুঁজে পেতে সময় লাগছে।
মামলার সর্বশেষ শুনানিতে রাষ্ট্রপক্ষ নয় মাস সময় চাইলেও, বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির তিন মাস সময় বৃদ্ধির প্রস্তাব দেন। বিচারক সবদিক বিবেচনা করে ছয় মাস সময় বাড়িয়ে মৌখিক আদেশ দেন।