আবরার হত্যা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৯ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫১ পিএম
অ্যাডভোকেট শিশির মনির। ছবি : সংগৃহীত
বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন অ্যাডভোকেট শিশির মনির। এ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েকজন আসামির পক্ষে আইনি লড়াইয়ে তার নাম আসার পর তাকে নিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানানোর পাশাপাশি মামলা থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন তিনি।
পোস্টে তিনি লেখেন, হাইকোর্টে শহীদ আবরার ফাহাদের মামলার শুনানি শেষ। রায়ের জন্য অপেক্ষমাণ। বিস্তারিত ব্যাখ্যা দেওয়া সমীচীন হবে না। আমি আপনাদের আবেগ-অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে, হাইকোর্টের রায় যাই হোক- আপিল বিভাগে কারও পক্ষে আমি এই মামলা পরিচালনা করব না ইনশাল্লাহ। বিষয়টি নিয়ে শহীদ আবরারের পরিবারের সঙ্গেও আমি কথা বলব। আশা করি, সবাই বিষয়টি সৌহার্দপূর্ণ দৃষ্টিতে দেখবে।
এদিকে আইনজীবী শিশির মনির আবরার হত্যা মামলার আসামিদের পক্ষে শুনানি করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার সমালোচনা করেছেন। অনেকে ফেসবুক পোস্টে লিখেছেন, শিশির মনির ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল ছিলেন। তিনি জামায়াত ইসলামীর অন্যতম আইনজীবী। এছাড়া সুনামগঞ্জ-২ আসন থেকে জামায়াতে ইসলামী শিশির মনিরকে আগামী সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে। তাই আবরার হত্যা মামলার আসামিপক্ষের আইনজীবী হওয়া শিশির মনিরের আদর্শের সঙ্গে যায় না।