× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিতদের পুনর্বহালের নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৮ এএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১১ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন নিয়োগবঞ্চিতরা।

২০০৭ সালে জরুরি অবস্থার সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের করা আপিল আবেদনের শুনানি শেষে এ রায় দেন আদালত। আগের দিন বুধবার আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সালাহ উদ্দিন দোলন, আর রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

আইনজীবী সালাহ উদ্দিন দোলন জানান, ২৭তম বিসিএসের ফল প্রকাশের পর ২০০৭ সালে জরুরি অবস্থার সময় তৎকালীন সেনাশাসিত সরকার সেটি বাতিল করেছিল এবং দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দেয়। কিন্তু সে ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকারের ছিল না এবং পিএসসি আইন ও বিধিতেও দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেওয়ার কোনো বিধান নেই। এ বিষয়গুলো আপিল বিভাগের শুনানিতে উপস্থাপন করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০০৭ সালের ২১ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষার ফল প্রকাশিত হয়, যেখানে ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। পরে ওই বছরের ৩০ জুন জরুরি অবস্থার সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে সেনাসমর্থিত সরকার। এরপর মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণরা হাইকোর্টে রিট করেন। ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট সরকারের সিদ্ধান্ত বৈধ বলে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন রিটকারীরা।

অন্যদিকে, ২০০৭ সালের ২৯ জুলাই ২৭তম বিসিএসের দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ফল অনুযায়ী দ্বিতীয়বারের পরীক্ষায় ৩ হাজার ২২৯ জন উত্তীর্ণ হন এবং তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়। এরপর প্রথম পরীক্ষায় উত্তীর্ণরা হাইকোর্টে তিনটি রিট দায়ের করেন। ২০২৩ সালের ১১ নভেম্বর হাইকোর্টের অন্য একটি বেঞ্চ ২৭তম বিসিএসে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা গ্রহণকে অবৈধ ঘোষণা করেন।

ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তিনটি লিভ টু আপিল আবেদন দাখিল করে, যা কিছু পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেন আপিল বিভাগ। এরপর বাতিল হওয়া ২৭তম বিসিএস পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে আবেদন করেন। ৭ নভেম্বর আপিল বিভাগ রিভিউ আবেদন মঞ্জুর করে শুনানির জন্য গ্রহণের আদেশ দেন। এর ফলে নিয়োগবঞ্চিত রিভিউ আবেদনকারীদের আইনি লড়াইয়ের নতুন পথ উন্মুক্ত হয়। অবশেষে বুধবার ওই আবেদনের শুনানি শেষে রায়ের দিন ধার্য করা হয় এবং বৃহস্পতিবার আপিল বিভাগ তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার রায় দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা