প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ১৬:২০ পিএম
দুর্নীতির মামলায় গ্রেপ্তার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে আবারও কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ সময় আগামী সাত কর্মদিবসের মধ্যে জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদেরও আদেশ দেওয়া হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দিয়েছেন।
এর আগে হত ১৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ইসমাইল তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।
আসামি পক্ষের আইনজীবী তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে রিমান্ড বিষয়ে শুনানির জন্য ২৬ জানুয়ারি ধার্য করেন।
রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, গত ১৪ জানুয়ারি ভোর সাড়ে ৪টায় আসামি লায়লা কানিজকে তার বাসা বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে এক কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করার এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি এক লাখ ৫৮ হাজার ১০৬ টাকা সম্পদের মালিকানা অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২), ২৭ (১) ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় সূত্রস্থ মামলাটি রুজু করা হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি লায়লা কানিজের বিরুদ্ধে ১৩ কোটি এক লাখ ৫৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। পাশাপাশি এক কোটি ৫৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও রয়েছে। এসব সম্পদ অর্জনে মতিউর রহমানের সহযোগিতার অভিযোগ করে। এ জন্য তাকেও মামলায় আসামি করা হয়েছে।