প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২ ১০:৩৮ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২২ ১৪:২২ পিএম
মোস্তফা গ্রুপের কার্যালয়। ছবি : প্রবা
জামিন পেয়েছেন মোস্তফা গ্রুপের ভাইস চেয়ারম্যানসহ ছয় পরিচালক। তবে তার আগে পরিশোধ করতে হয়েছে ২ কোটি টাকা। এক্সিম ব্যাংকের করা মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। সে মামলা থেকে জামিন পেতে ২৭ নভেম্বর ২ কোটি টাকা পরিশোধ করে গ্রুপটি।
মোস্তফা গ্রুপের ভাইস চেয়ারম্যান শফিক উদ্দিন ছাড়া অন্য পাঁচ পরিচালকের মধ্যে রয়েছেন—হেফাজতুর রহমান, জহির উদ্দিন, কামাল উদ্দিন, কফিল উদ্দিন ও রফিক উদ্দিন।
৫৯ কোটি ৩০ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ের জন্য মোস্তফা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মেসার্স মনোয়ারা করপোরেশনের বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা করে এক্সিম ব্যাংক।
দীর্ঘ সাত বছর ব্যাংকের বিপুল এই অর্থ পরিশোধ না করায় ৬ অক্টোবর মোস্তফা গ্রুপের ছয় ভাইয়ের বিরুদ্ধে পাঁচ মাসের সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে অর্থ ঋণ আদালত চট্টগ্রাম। সে আদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রিট মামলা করে আসামিপক্ষ। তবে ব্যাংকের আপিলের কারণে অর্থ ঋণ আদালতের আদেশ পুনর্বহাল করা হয়।
এক্সিম ব্যাংক পুনরায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর আবেদন করলে ২৯ নভেম্বরের মধ্যে ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান। আদেশ মোতাবেক ২৭ নভেম্বর ২ কোটি টাকা পরিশোধ করে মোস্তফা গ্রুপ।