বললেন চিফ প্রসিকিউটর
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ০০:৫৪ এএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫ ১০:৪০ এএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো
২০২৫ সাল শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, নতুন বছরে বিগত ১৬ বছরের অপকর্মের বিচারের কাজ চলবে। সে আকাঙ্ক্ষাকে সামনে রেখে কাজ করে চলছি। আমরা চেষ্টা করব ২০২৫ সাল যেন বাংলাদেশের সুবর্ণ ইতিহাসের বছর হয়। গতকাল বুধবার নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে তাজুল ইসলাম গণমাধ্যমকে এ কথা বলেন।
তাজুল ইসলাম জানান, প্রধান বিচারপতির সম্মতির পরই ট্রাইব্যুনালের মূল ভবনে বিচারিক কাজ শুরু হবে। তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন সূর্যোদয় হয়েছে এবং ২০২৫ সাল আমরা শুরু করতে পেরেছি স্বৈরশাসনমুক্ত পরিবেশে। ২০২৫ সালে বাংলাদেশের অনেক বড় বড় অগ্রাধিকার আছে। সবচেয়ে বড় অগ্রাধিকার এবং সবাই যেটা চান তা হচ্ছে, গত ১৬ বছর ধরে বাংলাদেশে যেসব মানবতাবিরোধী অপরাধ হয়েছে, গণহত্যা হয়েছে, জুলুম-নির্যাতন-নিপীড়ন হয়েছে, সেগুলোর সঠিক ও সুষ্ঠু বিচার শেষ করা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওপর প্রত্যাশার অনেক বড় চাপ আছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, দীর্ঘ সময় ধরে দেশে যে অপরাধগুলো হয়েছে তার ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন। আগামীর ভবিষ্যৎ পুনর্নির্মাণে এবং বাংলাদেশের নতুন প্রজন্মকে আলোকিত ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদন করার ক্ষেত্রে প্রয়োজন একটি সঠিক তদন্ত রিপোর্ট বা তদন্তকার্য। সে তদন্তকার্য এখন চলমান আছে। তদন্তকার্য সমাপ্ত হওয়ার সঙ্গে বিচার প্রক্রিয়া শুরু এবং শেষ হওয়ার একটা সম্পর্ক আছে।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত তবে ট্রাইব্যুনাল বিচার কাজ এগিয়ে নেবে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে পাঁচজনকে হত্যা মামলায় পুলিশের কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
এ সময় প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও আবদুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।