হাইকোর্টের রায়
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪ ১২:২১ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪ ১৪:২৬ পিএম
তত্ত্বাবধায়ক সরকার বাতিল অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে হয়েছিল। যে কারণে এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে।
হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন, পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিল। তবে পঞ্চদশ সংশোধন পুরোপুরি বাতিল হবে না।
আদালত আরও বলেন, সংবিধানের মূল কাঠামো হচ্ছে গণতন্ত্র। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে গণতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি। সংবিধানের সৌন্দর্য হচ্ছে জনগণের ক্ষমতায়ন, জনগণই সকল ক্ষমতার উৎস।
২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিধানে শেষ পেরেক ঠুকে দেয় আওয়ামী লীগ সরকার। অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করলে রাষ্ট্রদ্রোহিতার দায়ে মৃত্যুদণ্ডের বিধান অন্তর্ভুক্ত করা হয় এ সংশোধনের মাধ্যমে।
এ ছাড়া সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান আনা হয়, যা আগে ছিল সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে। এ রকম ছোটবড় ৫৫টি সংশোধন আনা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে।
এ আইন চ্যালেঞ্জ করে গত ১৮ আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্টজন রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ১৯ আগস্ট রুল দেন। রুলে পঞ্চদশ সংশোধন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।
৪ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষ হয়। রিটে পক্ষভুক্ত হয় বিএনপি, জামায়াতসহ কয়েকটি সংগঠন। প্রায় সবাই তত্ত্বাবধায়ক সরকার বহালের পক্ষে মত দেয়।