প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ১১:১০ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪ ১১:৩৮ এএম
বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছয় দিনের রিমান্ড দিয়েছেন আদালত। নিউমার্কেট থানার ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার সিএমএম আদালত এ রিমান্ড দেন। এদিন সকালে তাকে আদালতে তোলা হয়। এরপর পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শম্ভুর আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।
সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পৈতৃকবাড়ি বরগুনা সদর উপজেলার গভ. হাইস্কুল সড়ক এলাকায়। তিনি পেশায় আইনজীবী হলেও রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৫ আগস্ট শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। তাদের বিরুদ্ধে প্রচুর অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।