খোকন হত্যা
নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১৮:৪৯ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪ ১৯:৩১ পিএম
মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। ফাইল ফটো
ট্রাকশ্রমিক মো. খোকনকে গুলি করে হত্যা মামলায় নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২১ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে নোয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক ইকবাল হোসাইন এই আদেশ দেন।
সোমবার বেলা সাড়ে ১০টার দিকে একরামুলকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক মো.সাবজেল হোসেন। আসামিপক্ষের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১ অক্টোবর রাতে চট্টগ্রামের খুলশির বাসা থেকে একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করে র্যাব। পরে সুধারাম মডেল থানার একটি হত্যা মামলায় একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন।
নোয়াখালী জেলা কোর্ট পরিদর্শক শাহ আলম ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৮ সেপ্টেম্বর নিহত ট্রাকশ্রমিকের বাবা মজিবুল হক বাদী হয়ে ২০১৩ সালে ছেলে খোকন নিহতের ঘটনায় নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীসহ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সুধারাম মডেল থানায় এ মামলা করেন।
মামলার এজহারে বলা হয়েছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সকাল-সন্ধ্যা হরতাল পালনের জন্য নোয়াখালীর সদর উপজেলার দত্তেরহাটের দত্ত বাড়ির মোড়ে জমায়েত হন বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকরা। ট্রাকশ্রমিক খোকন সে সময় নিজ বাড়ি থেকে দত্তেরহাট শ্রমিক ইউনিয়ন অফিসে যাচ্ছিলেন। সেখানে সাবেক এমপি একরামুল করিম চৌধুরী, সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন জেহান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র শহীদ উল্যাহ খান সোহেলসহ আওয়ামী লীগ নেতারা বিএনপি-জামায়াতের মিছিলে অতর্কিত হামলা চালায়। সে সময় একরামুলসহ অন্যান্য আওয়ামী লীগ নেতারা এলোপাতাড়ি গুলি ছুড়লে খোকন গুলিবিদ্ধ হয়।
এতে আরও বলা হয়, খোকনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।