নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১৭:২১ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪ ১৭:৫৯ পিএম
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জীবন এবং জুম্মন মিয়া। প্রবা ফটো
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শাহীন আলম নামের এক সেনাসদস্য হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার আলী হোসেনের ছেলে জীবন, সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার শওকত আলীর ছেলে সুমন মিয়া (পলাতক) এবং একই এলাকার আসলাম মিয়ার ছেলে জুম্মন মিয়া।
বাদীপক্ষের আইনজীবী সালাহ উদ্দিন ভূঁইয়া সবুজ জানান, ২০২২ সালের ১৫ জানুয়ারি রাতে পটুয়াখালীতে কর্মরত সেনাবাহিনীর সদস্য শাহীন আলম সাত দিনের ছুটিতে নিজ বাড়ি চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হন। পথে তার বন্ধু ফারহান হাবিরের বাসায় (সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকা) রাত্রিযাপন করতে যাচ্ছিলেন।
তিনি বলেন, ‘পথে মৌচাক বেঙ্গল প্যাসিফিক প্রাইভেট লিমিটেড কারখানার পাশে ১০ তলার মোড়ের সামনে পৌঁছালে পেছন থেকে পেশাদার ছিনতাইকারী জীবন, সুমন ওরফে বিয়ার সুমন ও জুম্মন অটোরিকশাযোগে এসে তার গতিরোধ করেন।
ছিনতাইয়ে বাধা দিলে তারা ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।’