প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ১১:৪৬ এএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ১১:৫১ এএম
সাবেক মেয়র আতিকুল ইসলাম। প্রবা ফটো
রাজধানীর মোহাম্মদপুর থানার পৃথক তিনটি হত্যা মামলায় ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন শিক্ষার্থী রফিক হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। পরে মোহাম্মদপুর থানার আরও দুই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে এ দুই মামলায় গ্রেপ্তার দেখান।
এ সময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন তার জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বুধবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।