চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ২০:০২ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ২০:২৪ পিএম
সাঈদ হোসেন চৌধুরী
সাউথইস্ট ব্যাংকের ঋণখেলাপি মামলায় ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী এবং তার স্ত্রী ফারজানা চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন অর্থ ঋণ আদালত।
বুধবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম শাহেদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বিবাদীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। বিবাদীরা যাতে আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে না পারেন, তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশের কপি বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) ঢাকার কাছে পাঠানোর নির্দেশনা দিয়েছেন।’
আদালত সূত্রে জানা যায়, নিজেদের মালিকানাধীন প্রতিষ্ঠান এইচআরসি সিন্ডিকেট লিমিটেডের নামে ঋণ নিয়ে পরিশোধ না করায় ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী এবং তার স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে মামলা করে সাউথইস্ট ব্যাংক। বিবাদীদের কাছে ব্যাংকের দায় ১২ কোটি ৩৮ লাখ টাকা।