প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪ ১৮:৪০ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪ ১৮:৫২ পিএম
সাবের হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত
ছয়টি মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুই বছর আগে রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যার মামলায় সাবের হোসেন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মঙ্গলবার বিকালে তাকে আদালতে হাজির করে পুলিশ জানায়, তিনি অসুস্থ। এরপর সাবের হোসেন চৌধুরীর আইনজীবীরা খিলগাঁও থানায় করা চারটি এবং পল্টন থানায় করা দুটি হত্যা মামলায় জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত ছয়টি মামলায় তাকে জামিন দেন।
সাবের হোসেন চৌধুরীর আইনজীবী মোরশেদ হোসেন বলেন, এখন পর্যন্ত ছয়টি মামলায় সাবের হোসেন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আদালতে সব মামলায় জামিননামা দাখিল করা হয়েছে। আর কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। তাই যেকোনো সময় মুক্তি পেতে পারেন সাবের হোসেন চৌধুরী।
এর আগে রবিবার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে সাবের হোসেন চৌধুরীকে আটক করে পুলিশ।