প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪ ১৬:৩৭ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪ ১৭:১৩ পিএম
তাপসী তাবাসসুম ঊর্মি। ছবি : সংগৃহীত
জুলাই গণহত্যা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় লালমনিরহাটের বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে সমন জারি হয়েছে। আগামী ২৮ নভেম্বর ঊর্মিকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে ২৮ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেন। বাদীপক্ষের আইনজীবী মো. খাদেমুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আবেদনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর আসামি ঊর্মি শুধু শহীদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুক লেখেন। এর মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকারপ্রধান সম্পর্কে বিষদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।