প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪ ১৯:২০ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪ ১৯:৫৯ পিএম
হিযবুত তাহরীরের গণমাধ্যমবিষয়ক সমন্বয়কারী ইমতিয়াজ সেলিম। ছবি : সংগৃহীত
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের গণমাধ্যমবিষয়ক সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (৪ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম শাহীন রেজা এ আদেশ দেন।
এদিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সাইবার ইন্টেল টিমের পরিদর্শক খায়রুল ইসলাম। রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী ফয়সাল উদ্দিন সিদ্দিকী। উভয় পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
শুক্রবার ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনে সেলিমকে গ্রেপ্তার করা হয়।
২০০৯ সালের অক্টোবরে প্রেসনোট জারি করে হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগ সরকার।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসা সংগঠনটি ফের প্রকাশ্যে আসে।
সরকার পতনের আন্দোলনেও তারা অংশ নিয়েছিলেন বলে দাবি করেছিলেন সংগঠনটির মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিম।
গত মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করার কথাও জানিয়েছে সংগঠনটি। কয়েক দিন পর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে হিযবুত তাহরীরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান সংগঠনটির নেতারা।
ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর অধীনে বিদ্বেষ ও মিথ্যাচারের মাধ্যমে হিযবুত তাহরীরের কার্যক্রমকে ‘জননিরাপত্তার জন্য হুমকি’ এবং ‘দেশের আইনশৃঙ্খলাবিরোধী’ হিসেবে চিহ্নিত করে বেআইনিভাবে নিষিদ্ধ করা হয়েছিল। নিষেধাজ্ঞা তুলে নিতে সংগঠনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৫ সেপ্টেম্বর আবেদন করা হয়েছে।
তবে সরকারের তরফে এ ব্যাপারে কোনো বক্তব্য আসেনি।