হত্যা মামলা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১২ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১ পিএম
অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান। ছবি : সংগৃহীত
রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার মশিউর রহমানকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২০ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এই আদেশ দেন।
এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে ১০ দিনের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। মশিউর রহমানের পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানী থেকে মশিউর রহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকালে নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।