প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২২ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৮ পিএম
জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি : সংগৃহীত
দুই দফায় ১২ দিন রিমান্ডের পর লালবাগ থানার আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আরও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রবিবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব শুনানি শেষে এ আদেশ দেন। লালবাগ থানার উপপরিদর্শক আক্কাস মিয়া ইনুর সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ১৮ জুলাই সন্ধ্যা ৬টায় আজিমপুর সরকারি আবাসিক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হাসানুল হক ইনুসহ এজাহারে উল্লেখিত আসামিদের সরাসরি নির্দেশনায়, পরিকল্পনায় এবং প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে শান্তিপূর্ণ মিছিলের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট ও গুলিবর্ষণ করা হয়। এ সময় ঘটনাস্থলে ইফতি, জুবায়ের, তানভীর, ইসমাইলসহ অনেক নিরস্ত্র ছাত্র-জনতা আহত হয়। তাদের মধ্যে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ বুকে ও পেটে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।
এর আগে নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গত ২৬ আগস্ট ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৫ আগস্ট বিকালে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।