প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ২২:৪৩ পিএম
এহসানুল হক সমাজী।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে যোগদান না করার কথা জানিয়েছেন আইনজীবী এহসানুল হক সমাজী। নিয়োগ পাওয়ার দুই দিনের মাথায় তিনি ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে ওই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগে পাঠানো এক চিঠিতে সমাজী লিখেছেন, "ঢাকা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য হিসেবে প্রায় ৩৮ বছর ধরে পেশাগত মর্যাদাকে প্রাধান্য দিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। তবে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি পাবলিক প্রসিকিউটর পদে যোগদান করতে অপারগ।"
গত মঙ্গলবার আওয়ামী লীগ সরকারের সময়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে নিয়োগ পাওয়া পিপি আবদুল্লাহ আবুকে সরিয়ে এই পদে সমাজীকে আনা হয়। তিনি আগের তত্ত্বাবধায়ক সরকার আমলের ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত এ আদালতের পিপি হিসেবে দায়িত্ব পালন করেন।
পিপি পদে সমাজীকে নিয়োগ দেওয়ার পর বিএনপিপন্থি আইনজীবীরা প্রতিবাদে বিক্ষোভ সামবেশ করে তার নিয়োগ বাতিলের দাবি জানান। তারা অভিযোগ করেন, সমাজী আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত। পদত্যাগ না করলে তাকে দায়িত্ব পালন করতে দেওয়া হবে না।