বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ১৫:৫৭ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪ ১৬:২৩ পিএম
টিপু মুনশি। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় সুমন সিকদার (৩১) নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে আট দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে টিপু মুনশির উপস্থিতিতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে বুধবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুঁজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণি রাস্তার ওপর এলোপাতাড়িভাবে গুলি করে মো. সুমন সিকদারকে (৩১) হত্যা করা হয়। এ ঘটনায় তার মা মাসুমা একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করা হয়।