গার্মেন্টসকর্মী হত্যা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪ ১২:১২ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৪ ১৩:৩৭ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আদাবরে গার্মেন্টসকর্মী সোহেল রানাকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) নিহত সোহেলের ভাই ইব্রাহীম ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে এ মামলার আবেদন করেন।
বাদীপক্ষের আইনজীবী এস এম ইবরাহীম খলিল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আবেদনে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাইনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগ সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ, ডিএমপির সাবেক যুগ্মকমিশনার বিপ্লব কুমারসহ ২৫ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ভিকটিম পেশায় একজন গার্মেন্টসকর্মী। দেশব্যাপী কোটা আন্দোলনের সময় আদাবর থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলছিল। সে সময় স্বৈরশাসকের এজেন্ডা বাস্তবায়নকারী পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্য সন্ত্রাসী তথা আসামিরা এলোপাতাড়ি গুলি করতে থাকেন। ভিকটিমসহ ঘটনাস্থলে আসামিদের গুলিতে একাধিক নিহত ও অনেকেই আহত হন। এ সময় গুলিবিদ্ধ হলে ভিকটিম সোহেল রানাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।