কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪ ১৬:২৮ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪ ১৮:০২ পিএম
প্রতীকী ছবি।
কক্সবাজারে পৃথক দুটি হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দীর্ঘ তিন দশকের বিচার প্রক্রিয়া শেষে মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজার ৪র্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোশারফ হোসেন এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শওকত বেলাল।
তিনি জানান, ১৯৯৫ সালের ২০ ডিসেম্বর রামুর রশিদ নগরের বটতলী বাজারে আটোরিকশা নিয়ে বিরোধের জেরে ভারুয়াখালীর শেরে ফরহাদ তার আপন চাচাতো ভাই খোরশেদ আলম বাবুলকে ছুরিকাঘাতে হত্যা করে। দীর্ঘ বিচার কার্যক্রম শেষে মঙ্গলবার শেরে ফরহাদকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় শেরে ফরহাদ আদালতে উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, একই আদালতে ১৯৯৪ সালের ৪ মার্চ মহেশখালী উপজেলার মাতারবাড়ি মাইজপাড়ায় জমি বিরোধের জেরে গুলি করে হত্যা করা হয় রব্বত আলীকে। ওই মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আবুল মোনাফ, করিম দাদ ও শামসুল আলম। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, যথাযথ সাক্ষী উপস্থাপন ও প্রমাণ সাপেক্ষে আদালত যে রায় দিয়েছে তাতে তারা সন্তুষ্ট।
তবে রায়ে ক্ষোভ প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবী নাছির উদ্দিন। ন্যায়বিচারের জন্য তারা উচ্চ আদালতে যাবেন বলে ঘোষণা দেন।