অর্থ আত্মসাৎ মামলা
গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪ ১৭:৩৩ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪ ১৭:৪০ পিএম
গাজীপুর জেলা আইনজীবী সমিতি। ছবি : সংগৃহীত
গাজীপুর জেলা আইনজীবী সমিতির অর্থ আত্মসাতের মামলায় সমিতির সাবেক সভাপতি আহসান উদ্দিন এবং কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
বুধবার (২৪ জুলাই) দুপুরে হাইকোর্টের ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন শেষে আত্মসমর্পণ করলে বিচারক মো. কায়সারুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে, গত ১৫ মে গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ পাঁচ আইনজীবী নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন আইনজীবী সমিতির অফিস সহকারী রানা।
মামলার আসামিরা হলেন- বারের সাবেক সভাপতি আহসান উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান। এ ছাড়া অর্থ আত্মসাতে তাদের সহযোগী হিসেবে সাবেক লাইব্রেরি সম্পাদক মো. রওশন আলী ও সাবেক মহিলা সম্পাদক রাবেয়া ইয়াসমিন কল্পনাকে আসামি করা হয়েছে।
গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বলেন, বারের সাবেক সভাপতি এবং কোষাধ্যক্ষ আজ আদালতে আত্মসমর্পণ করতে আসেন। পরে বিচারক তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন।
গাজীপুর কোর্টের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মকবুল হোসেন কাজল বলেন, টাকা আত্মসাৎ মামলায় গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি ও ট্রেজারার আত্মসমর্পণ করলে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। সাধারণ সম্পাদক পলাতক রয়েছে।