কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪ ১৭:৩৭ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪ ১৮:১৭ পিএম
সোমবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতে হাজির হন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। প্রবা ফটো
কুমিল্লা আদালতে হাজির হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও সংগঠনের নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।
সোমবার (৮ জুলাই) দুপুর ১২টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন একটি মামলার চার্জগঠন করেন। ওই মামলার চার্জগঠনের শুনানিতে তারা উপস্থিত হন।
এ সব তথ্য জানিয়েছেন মামলার আসামিপক্ষের আইনজীবী মো. জসিম উদ্দীন চৌধুরী।
তিনি জানান, গত ২০২০ সালের ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় এক মাহফিলের অয়োজন করা হয়। ওই মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আয়োজক ও অতিথিদের বিরুদ্ধে ১৭ ডিসেম্বর মামলা করে পুলিশ। ওই মামলায় ছয়জনকে আসামি করা হয়। সোমবার এই মামলার চার্জগঠনের দিন ছিল। তাই আসামিরা উপস্থিত হয়েছেন।
আইনজীবী মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, বিচারকের সামনে মাওলানা মামুনুল হক তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। তারা নির্দোষ বলে জানিয়েছেন। পরে বিচারক মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।
মামুনুল হক এসব বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।