নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৪ ২১:২৬ পিএম
ভুয়া ঋণের মাধ্যমে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের চার কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।
রবিবার (২৩ জুন) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ হাসান মল্লিক, ভাইস প্রেসিডেন্ট মুশফিকুল আলম, ব্যাংকটির নারায়ণগঞ্জ শাখার এসএভিপি দীপক কুমার দেবনাথ ও মুহম্মদ মেহেদী হাসান সরকারের বিরুদ্ধে ঋণ জালিয়াতির ঘটনায় অনুসন্ধান করছে দুদক। প্রিমিয়ার ব্যাংকের এই চার কর্মকর্তাসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যাক টু ব্যাক এলসি সুবিধার আড়ালে জাল-জালিয়াতির মাধ্যমে ৪৩টি সন্দেহভাজন তৈরি পোশাক প্রতিষ্ঠানের অনুকূলে সাড়ে তিন হাজার কোটি টাকা ভুয়া ঋণ মঞ্জুর করে আত্মসাতের অভিযোগের অনুসন্ধান করছে দুদক।
দুদকের পিপি আরও বলেন, প্রিমিয়ার ব্যাংকের ওই চার কর্মকর্তা দেশত্যাগের পরিকল্পনা করছেন। সে কারণে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আজ আদালতে আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।