বগুড়া অফিস
প্রকাশ : ০৪ জুন ২০২৪ ১৮:১৮ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৪ ১৮:৩৯ পিএম
বগুড়ায় আশিক হত্যা মামলায় মঙ্গলবার তিনজনের মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রবা ফটো
বগুড়ায় পরকীয়া প্রেমের কারণে আশিক হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) বিকাল সাড়ে চারটার দিকে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- সারিয়াকান্দির কুটিবাড়ী এলাকার ছফু খাঁর ছেলে শিবলু ওরফে ফকির, রামনগর এলাকার সিরাজুল ইসলাম তরফদারের ছেলে শান্ত মিয়া ওরফে সিয়াম এবং আমতলী এলাকার তরিকুল মণ্ডলের ছেলে নাইম মণ্ডল। যাবজ্জীবন দণ্ড পাওয়া মৃত আশিকের স্ত্রী মিনা বেগম।
এসব তথ্য নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর আব্দুর রাজ্জাক খান। তিনি জানান, পরকীয়ার জেরে মিনা বেগমের সঙ্গে আশিক মিয়ার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। একপর্যায়ে মিনা বেগম তার প্রেমিক শিবলু ফকিরের সঙ্গে পরামর্শ করে আশিককে হত্যার পরিকল্পনা করে। সেই মোতাবেক শিবলু ফকির তার দুই সহযোগী নয়ন ও নাইম ইসলামকে সঙ্গে নেয়।
আব্দুর রাজ্জাক জানান, ২০২০ সালের ২ অক্টোবর বিকালে আশিক ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর নিখোঁজ ছিলেন। দু’দিন পর ৪ অক্টোবর সকালে উপজেলার ছাগলধরা গ্রামে বাঙালি নদীতে তার মুখ ঝলসানো মরদেহ পাওয়া যায়।
তিনি আরও জানান, নিহতের ভাই আনিস উদ্দিন রাতেই সারিয়াকান্দি থানায় মিনা বেগমসহ চারজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার রায় দেন আদালত।