প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২২ ১৫:৪৬ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২২ ১৬:৪০ পিএম
শ্রমিকদের অধিকার রক্ষায় নতুন সংগঠন পিআইডব্লিউআরআরের আত্মপ্রকাশ অনুষ্ঠানে শ্রমিক নেতারা। ছবি : প্রবা
শ্রমিকদের অধিকার রক্ষায় ‘তৈরি পোশাক শ্রমিকের অধিকার বাস্তবায়নের নীতি নির্ধারণের উদ্যোগ’ (পিআইডব্লিউআরআর) নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়েজিত সংবাদ সম্মেলনে রবিবার (২৩ অক্টোবর) এ সংগঠনের নাম প্রকাশ করেন সংগঠনটির আহ্বায়ক ও ন্যাশনাল গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমীন।
১০টি ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও প্রতিটি সংগঠনের একজন করে প্রতিনিধি নিয়ে এ সংগঠনটি গঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের সভাপতি জেড এম কামরুল আনাম।
শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে সরকারি ও বিভিন্ন নীতিনির্ধারণী সংস্থার সঙ্গে লবি অ্যাডভোকেসি করা ও বিভিন্ন আইন সংশোধনসহ নীতিমালা ও বিধিমালা প্রণয়ন করে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে যাত্রা করেছে সংগঠনটি।
সংগঠনের আহ্বায়ক আমিরুল হক আমীন বলেন, ‘পলিসির জায়গায় ট্রেড ইউনিয়নের দুর্বলতা আছে। শ্রমিকদের জন্য শ্রম আইন, বিধিমালা এসব জায়গায় লবিং করা, শ্রমিকদের কথা যুক্ত করাসহ তাদের দাবি তুলে ধরার জায়গায় তারা খুব ভূমিকা পালন করতে পারছে না। মূলত এ দুর্বলতা কাটাতে ১০টি ট্রেড ইউনিয়ন নিয়ে নতুন এ প্ল্যাটফরম তৈরি করেছি আমরা।’
বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের সভাপতি জেড এম কামরুল আনাম বলেন, ‘আইনে যদি কালো আইন থাকে তা শ্রমিকের স্বার্থ সংরক্ষণে বাধা দেয়। দুই মাসের বেতন কেটে রাখছেন মালিকরা। পোশাকশিল্পের অধিকাংশ শ্রমিক নারী। তারা গর্ভকালীন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। ছুটির পর একজন নারী যত বিলম্বে অফিসে যাবেন তত ওয়ার্কিং আওয়ার কমে যাবে। পারিশ্রমিক পাবেন না। এভাবে শ্রমিকদের প্রতারিত করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাপারেল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, গার্মেন্ট অ্যান্ড টেইলার্স ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি শহীদুল্লাহ বাদল, গার্মেন্ট শ্রমিক কর্মচারী লীগের সভাপতি লিমা ফেরদৌস, বাংলাদেশ জাতীয় শ্রমিক কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশেনের সাধারণ সম্পাদক মীর আবুল কালাম আজাদ, একতা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বজলুর রহমান বাবলুসহ অনেকে।
প্রবা/রাই/এমআর/জেও