ভেরিফিকেশন শেষ, ১০ মাসেও নিয়োগপত্র পাননি ১৫ সুপারিশপ্রাপ্ত প্রার্থী
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ মিনিট আগে
বোয়েসেল-এর পাঁচটি পদের বিপরীতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৫ প্রার্থী প্রায় ১০ মাস ধরে নিয়োগপত্রের অপেক্ষায় রয়েছেন। ছবি : এআই
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) পাঁচটি পদের বিপরীতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৫ প্রার্থী প্রায় ১০ মাস ধরে নিয়োগপত্রের অপেক্ষায় রয়েছেন। প্রয়োজনীয় ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন হওয়ার পরও নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়ায় অনিশ্চয়তা ও হতাশায় দিন কাটছে তাঁদের।
জানা যায়, বোয়েসেলের বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য ২৩ অক্টোবর ২০২৫ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর ধারাবাহিকতায় ১৭ জানুয়ারি ২০২৬ লিখিত পরীক্ষা এবং ১৮ থেকে ২০ জানুয়ারি মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২৯ জানুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলাফলে পাঁচটি পদের বিপরীতে ১৫ প্রার্থী নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন।
প্রার্থীদের ভাষ্য অনুযায়ী, নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশসহ প্রয়োজনীয় ভেরিফিকেশন কার্যক্রম ২০২৬ সালের জুলাই মাসের মধ্যে সম্পন্ন হয়। তবে সব প্রার্থীর ভেরিফিকেশনসংক্রান্ত কাগজপত্র এখনো সংশ্লিষ্ট পর্যায় থেকে বোয়েসেলে পৌঁছায়নি।
এ বিষয়ে সুপারিশপ্রাপ্ত একজন প্রার্থী জানান, মন্ত্রণালয়ে জমা থাকা ভেরিফিকেশনসংক্রান্ত কাগজপত্র বোয়েসেলে পাঠানো না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির পক্ষে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। ফলে মন্ত্রণালয় ও বোয়েসেলের মধ্যকার প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়হীনতা বা বিলম্বের কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে বলে প্রার্থীরা মনে করছেন।
অন্যদিকে, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে যোগাযোগ ও আবেদন করা হলে দ্রুত নিয়োগের ব্যবস্থা গ্রহণের আশ্বাস পাওয়া গেছে বলে আরেকজন প্রার্থী জানান।
দীর্ঘদিন অপেক্ষার পরও নিয়োগপত্র কিংবা যোগদানের সম্ভাব্য সময় সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায় প্রার্থীরা চরম অনিশ্চয়তায় রয়েছেন। তাঁদের অনেকের বিকল্প কর্মসংস্থানের সুযোগও সীমিত হয়ে পড়েছে। এতে ব্যক্তিগত ও পারিবারিক আর্থিক চাপের পাশাপাশি সামাজিকভাবেও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাঁদের।
এ অবস্থায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বোয়েসেল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। তাঁদের দাবি, মেধার ভিত্তিতে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৫ জনের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে নিয়োগপত্র ও যোগদানের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানানো হোক।
প্রবা