× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুরুতে কম বেতন ভবিষ্যৎ আয়ে কীভাবে প্রভাব ফেলে, জানালেন উদ্যোক্তা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৫:৫০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

কর্মজীবনে বেতন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে ক্যারিয়ারের শুরুতে কম বেতনে যোগ দেওয়া ভবিষ্যৎ আয়ের ওপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বারবার চাকরি পরিবর্তন করার পরও একজন কর্মী কীভাবে কম বেতনের চক্রে আটকে থাকেন, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন এক নারী উদ্যোক্তা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ভানিয়া গোয়েল নামের ওই উদ্যোক্তা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে বিষয়টি তুলে ধরেছেন।

ভানিয়া বলেন, যেসব পেশাজীবী ক্যারিয়ারের শুরুতে তুলনামূলক কম বেতনে কাজ শুরু করেন, তারা একধরনের দুষ্টচক্রে আটকা পড়েন। কারণ, পরবর্তী সময়ে নতুন কোনো চাকরিতে যোগ দেওয়ার সময় তাদের পূর্ববর্তী বেতনের ওপর ভিত্তি করেই নতুন বেতন প্রস্তাব করা হয়। ফলে নিয়মিত বেতন বৃদ্ধি পেলেও তা বর্তমান বাজারদরের সমকক্ষ হতে পারে না।

তিনি ব্যাখ্যা করেন, শুরুতে কম বেতনের সমস্যা কেবল এটুকুই নয় যে একজন কর্মী কম আয় করছেন বা কম ব্যয় করতে পারছেন; বরং এই কম বেতনই পরবর্তী চাকরির ক্ষেত্রে নিয়োগকর্তার কাছে ওই কর্মীর মূল্যায়নের মানদণ্ড (বেঞ্চমার্ক) হয়ে দাঁড়ায়।

একটি উদাহরণ দিয়ে ভানিয়া বলেন, কোনো কর্মীর বার্ষিক বেতন যদি ৬ লাখ টাকা হয়, তবে ২০ শতাংশ বৃদ্ধির পর তা দাঁড়াবে ৭ লাখ ২০ হাজারে। পরবর্তী ধাপে তা বেড়ে যথাক্রমে ৮ লাখ ৬০ হাজার এবং পরে ১০ লাখ ৩০ হাজার হবে। কিন্তু বাজারের প্রচলিত হারের সঙ্গে তুলনা করলে দেখা যাবে, পাঁচ বছর পরও ওই কর্মী বাজারদরের চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছেন।

এ কারণে কেবল শতাংশের হিসাবে বেতন বৃদ্ধির পেছনে না ছুটে পেশাজীবীদের ‘বেতন সমন্বয়’ (স্যালারি কারেকশন)-এর দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন এই উদ্যোক্তা। তিনি বলেন, ক্যারিয়ারের উন্নতির বিষয়টি কেবল কর্মক্ষেত্রে ভালো কাজের ওপর নির্ভর করে না; পেশাজীবীদের নিজেদের বাজারমূল্য বুঝতে হবে এবং তা নিয়োগকর্তার কাছে স্পষ্ট করতে হবে।

ভিডিওর ক্যাপশনে ভানিয়া লিখেছেন, কাজে দক্ষ হওয়া পেশাগত অগ্রগতির একটি অংশমাত্র। কোনো কর্মী যদি তার কাজের প্রভাব বা গুরুত্ব তুলে ধরতে না পারেন, নিজের দক্ষতার সঠিক দর-কষাকষি না করেন এবং প্রতিষ্ঠানে নিজের অবদান দৃশ্যমান করতে ব্যর্থ হন, তবে যোগ্য হওয়া সত্ত্বেও তিনি কম বেতনেই আটকে থাকতে পারেন।

তিনি আরও যোগ করেন, কঠোর পরিশ্রম অবশ্যই দরকারি, তবে সেই পরিশ্রমকে কীভাবে উপস্থাপন (পজিশনিং) করা হচ্ছে, তা-ও সমান গুরুত্বপূর্ণ। তাই নিজের অর্জনগুলোর হিসাব রাখা, কাজের প্রভাব পরিমাপ করা, প্রতিষ্ঠানে নিজের দৃশ্যমানতা তৈরি করা এবং দর-কষাকষির কৌশল রপ্ত করার পরামর্শ দিয়েছেন তিনি। তার ভাষায়, “একজন কর্মীর কাজ প্রতিষ্ঠানের জন্য মূল্য তৈরি করে, আর তার উপস্থাপনা অন্যদের সেটি বুঝতে সাহায্য করে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা