বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৮ পিএম
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সরাসরি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে জাকসুর উদ্যোগে ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী এ আয়োজন করা হয়। এতে ২৫টির বেশি শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোতে রয়েছে ৭০০টির বেশি চাকরির সুযোগ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
জাকসু সূত্রে জানা যায়, জব ফেয়ারের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ব্র্যাক পরিচালিত ক্যারিয়ার হাব। প্লাটিনাম পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে নিউজিল্যান্ড ডেইরি ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস। গোল্ড পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইংলিশ থেরাপি, আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড, টেরাপ্রাইম হোটেলস অ্যান্ড রিসোর্টস প্রাইভেট লিমিটেড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সিলভার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড, স্পার্ক রাইড টেকনোলজি লিমিটেড ও হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ।
জব ফেয়ারে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আবুল খায়ের গ্রুপ, আরএফএল গ্রুপ, ইফাদ গ্রুপ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, ডেটা সলিউশন ৩৬০ লিমিটেড ও রিদম ব্লাড সেন্টারসহ আরও বিভিন্ন প্রতিষ্ঠান।
জব ফেয়ারে অংশ নেওয়া শিক্ষার্থীরাও আয়োজনটিকে ইতিবাচকভাবে দেখছেন। ফার্মেসি বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী আতিয়া বলেন, “এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগের প্রয়োজনীয়তা ও যোগ্যতার মানদণ্ড সম্পর্কে জানা যাচ্ছে। গ্র্যাজুয়েশন শেষে চাকরির জন্য আবেদন করার সময় কী ধরনের দক্ষতা ও যোগ্যতা প্রয়োজন হবে, সে বিষয়ে এখন থেকেই ধারণা পাওয়া যাচ্ছে। সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ থাকায় চাকরির বাজার সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করা সম্ভব হচ্ছে”।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনানুষ্ঠানিক সাক্ষাৎকারের অভিজ্ঞতা অর্জন ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সময়ে প্রায় ২৫টি প্রতিষ্ঠানের প্রার্থীদের যাচাইয়ের সুযোগ তৈরি হওয়া একটি বিশেষ অভিজ্ঞতা। এ কর্মসংস্থানমূলক আয়োজনের মাধ্যমে প্রাথমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত করা সম্ভব হবে। পাশাপাশি একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে যে ব্যবধান রয়েছে, এ আয়োজনের মাধ্যমে তা কমবে এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক আরও শক্তিশালী হবে”।
জাকসুর এজিএস এবং অনুষ্ঠানটির কনভেনার ফেরদৌস আল হাসান বলেন, “এই আয়োজনের মূল উদ্দেশ্য প্রথম বর্ষ থেকে মাস্টার্স এবং সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের করপোরেট খাতের সঙ্গে পরিচিত করা। মোট ৭-৮ হাজার শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং অনলাইন অফলাইন মিলে সিভি জমা দিয়েছেন ৪৮০০ শিক্ষার্থী”।
গোল্ড পৃষ্ঠপোষক টেরাপ্রাইম হোটেলস অ্যান্ড রিসোর্টস প্রাইভেট লিমিটেডের এক্সিকিউটিভ অব সেলস অ্যান্ড মার্কেটিং রুবিনা জাহান তিথি বলেন, “এ ধরনের আয়োজনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের সিভি পর্যালোচনা করে তাদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রতিষ্ঠানে যুক্ত করার সুযোগ তৈরি হয়। বিশেষ করে যারা সবেমাত্র চাকরির বাজারে প্রবেশ করতে যাচ্ছেন, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ”।
পাশাপাশি নিয়োগের মানদণ্ড ও প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে প্রার্থীদের পরামর্শ দেওয়ার সুযোগও রয়েছে। শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়ক এমন আয়োজনের জন্য জাকসুকে ধন্যবাদ জানান তিনি।
আয়োজকরা জানান, জব ফেয়ারের মূল কার্যক্রম শেষে সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘রোড টু করপোরেট ক্যারিয়ার সেশন’ অনুষ্ঠিত হবে। এতে করপোরেট খাতের অভিজ্ঞ বক্তারা ক্যারিয়ার পরিকল্পনা, করপোরেট সংস্কৃতি, জীবনবৃত্তান্ত প্রস্তুত, সাক্ষাৎকারের দক্ষতা ও পেশাগত উন্নয়ন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।