জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো। ফাইল ছবি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগের মৌখিক পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে চার পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো জয়।
এতে বলা হয়, লিখিত পরীক্ষায় অন্য ব্যক্তিকে দিয়ে পরীক্ষা দেওয়ানোর মাধ্যমে উত্তীর্ণ হওয়ার বিষয়টি স্বীকার করার পর তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অফিস সহায়ক পদে জনবল নিয়োগের জন্য গত ১৯ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ১০৭ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রার্থীদের ২৪, ২৫ ও ২৮ জুন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারণ করা হয়।
জানা গেছে, নির্ধারিত মৌখিক পরীক্ষায় বৃহস্পতিবার ৩৬ জন প্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ৩০ জন উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
মৌখিক পরীক্ষার সময় চার প্রার্থীর পারফরম্যান্স অসন্তোষজনক হওয়ায় এবং তাদের লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার সঙ্গে অসামঞ্জস্য দেখা দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদে ওই চার প্রার্থী মো. মোমিনুল ইসলাম মৃদুল, মো. সোহেল রানা, মো. রোমান ও মামুন মিয়া স্বীকার করেন তারা নিজেরা লিখিত পরীক্ষায় অংশ নেননি। বরং অন্য ব্যক্তিদের মাধ্যমে প্রক্সি পরীক্ষার ব্যবস্থা করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
পরবর্তীতে তাদের লিখিত স্বীকারোক্তির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানায় সোপর্দ করা হয়।