প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৫ পিএম
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ২৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টায় একযোগে পরীক্ষা শুরু হয় দেশের আটটি বিভাগীয় শহরে। শেষ হয় দুপুর ১২টায়।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তথ্য অনুযায়ী, এবারের প্রিলিমিনারিতে অংশ নিয়েছেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।
৪৭তম বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি। এর মধ্যে ৩ হাজার ৪৮৭টি পদ ক্যাডার এবং ২০১টি পদ নন-ক্যাডার। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের বিসিএসে কিছু নতুন ক্যাডার পদও যুক্ত হয়েছে।
এত বিপুলসংখ্যক পরীক্ষার্থীকে একযোগে পরীক্ষায় অংশগ্রহণ করাতে কমিশন কয়েক ধাপে প্রস্তুতি নেয়। প্রশ্নপত্র ফাঁস ও যেকোনো ধরনের অনিয়ম ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি চালায়। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে মোবাইল কোর্টের ব্যবস্থাও রাখা হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদন গ্রহণ শুরু হয় ওই বছরের ১০ ডিসেম্বর এবং শেষ হয় ৩১ ডিসেম্বর। ২০২৪ সালের ১ নভেম্বর যাদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে ছিল, তারাই আবেদন করতে পেরেছেন।