প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ০০:৩৩ এএম
ছবি : সংগৃহীত
দেশের অন্যতম উন্নত চাকরি অনুসন্ধান প্ল্যাটফর্ম এটিবি জবস বাংলাদেশ এক্সক্লুসিভ জব ফেয়ার ২০২৫ আয়োজনের মাধ্যমে ইতিহাস তৈরি করতে প্রস্তুত। এটি বাংলাদেশে প্রথম ইভেন্ট, যেখানে জাপানি এবং বহুজাতিক কোম্পানিগুলো অংশ নেবে। এতে দেশব্যাপী কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।
আগামী শুক্রবার (২২ আগস্ট) ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে। ৩০টিরও বেশি শীর্ষস্থানীয় জাপানি এবং বহুজাতিক কোম্পানি এতে অংশ নেবে।
স্পন্সর কোম্পানিগুলোর মধ্যে রয়েছেÑ কাওয়াই গ্রুপ, ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড, কনফিডেন্স গ্রুপ, বেভি কমার্স, এশিয়ান স্কিল ডেভেলপমেন্ট কোম্পানি, এশিয়া জাপান রিয়েল এস্টেট, অগমেডিক্স বাংলাদেশ, বেটোপিয়া গ্রুপ, কোকোরোজাশি জাপান লিমিটেড, হোন্ডা বাংলাদেশ, আজিনোমোটো বাংলাদেশ এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলন।
মেলায় বিভিন্ন ক্ষেত্রের নবীন স্নাতক এবং অভিজ্ঞ পেশাদার উভয়েরই চাকরির সুযোগ থাকবে। এছাড়াও দর্শনার্থীরা সিভি পর্যালোচনা, ক্যারিয়ার কাউন্সেলিং, সরাসরি সাক্ষাৎকার এবং পেশাদার নেটওয়ার্কিং সুযোগ থেকে উপকৃত হবেন।
ইভেন্ট পার্টনারদের মধ্যে রয়েছেÑ জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো), জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) এবং ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব। জাপানের মালিকানাধীন একটি রেস্তোরাঁ তাকুমি অফিসিয়াল ফুড পার্টনার হিসেবে যোগ দেবে।
মেলায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের জন্য থাকবে র্যাফেল ড্র। পেশাদারদের সময়সূচি সামঞ্জস্য করতে এবং সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করতে আয়োজকরা শুক্রবারকে বেছে নিয়েছেন।