পাপুয়া নিউগিনিতে ভূমিধস
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ মে ২০২৪ ১৬:১৭ পিএম
আপডেট : ২৫ মে ২০২৪ ১৬:৩০ পিএম
ভূমি ধসে চাপা পড়াদের খুঁজছে গ্রামবাসীরা। শুক্রবার (২৪ মে) পাপুয়া নিউগিনির এঙ্গা প্রদেশ থেকে তোলা। ছবি : সংগৃহীত
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে ভূমি ধসে চাপা পড়ে তিন শতাধিক মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১ হাজার ১৮২টি বাড়ি ভূমি ধসে চাপা পড়েছে। শনিবার (২৫ মে) দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে দেশটির রাজধানী পোর্ট মোরেসবির প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এঙ্গা প্রদেশের কাওকালাম গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যখন ভূমিধস হয় তখন সবাই ঘুমের মধ্যে ছিল। তারা সেখান থেকে বের হওয়ার সুযোগ পায়নি।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং ক্রপ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, জরুরি সেবাদানকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা চারটি মরদেহ উদ্ধার করেছে। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা বেড়ে ৩০০ ছাড়াবে।
ভূমিধসের ফলে মহাসড়কের প্রবেশপথ বন্ধ হয়ে গেছে। যার ফলে সে এলাকায় কেবল হেলিকপ্টারের মাধ্যমেই পৌঁছানো সম্ভব।
দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে বলেছেন, ‘দুর্যোগ কর্মকর্তারা, প্রতিরক্ষা বাহিনী ও ওয়ার্কস অ্যান্ড হাইওয়ে বিভাগ আক্রান্ত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে ও পুনরুদ্ধার প্রচেষ্টায় সহায়তা করছে।’
সূত্র : রয়টার্স