প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ মে ২০২৪ ১০:৩৯ এএম
আপডেট : ২৪ মে ২০২৪ ১০:৫৪ এএম
পবিত্র কাবায় হাজিরা হজ করছে। ছবি : সংগৃহীত
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজ মৌসুম চলাকালে ভিজিট ভিসাধারীদের মক্কায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৩ মে) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ বিষয়ে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।
মক্কায় ২৩ মে হজের মৌসুম শুরু হয়েছে, যা শেষ হবে ২১ জুন। তাই এ সময়ে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রকার ভিজিট ভিসাধারী ব্যক্তির ওপর এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।
ভিজিট ভিসাধারীদের হজ পালনের অনুমতি দেওয়া হয় না বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়টি ভিজিট ভিসাধারীদের এ সময়ে হজের অনুমতি ছাড়া মক্কায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। আর তা না মেনে মক্কায় ভ্রমণ করলে সৌদির নিয়মানুসারে জরিমানা দেওয়ার বিষয়ে সতর্ক করেছে।
হজের আনুষ্ঠানিকতা চলাকালে অনুমোদিত হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ও সাংগঠনিক ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে।
এ বছর বিশ্বজুড়ে প্রায় ২৫ লাখ মানুষ হজ পালন করবে।
আশা করা হচ্ছে, এ বছর ১৪ থেকে ১৯ জুন পর্যন্ত হজ পালন করা হবে।
নতুন বিধিনিষেধ ছাড়াও চলতি বছরের এপ্রিলে ওমরাহ ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ প্রকাশ করেছিল দেশটির কর্তৃপক্ষ।
রমজানে ওমরাহকারীর পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। সেই থেকে ধারণা করা হচ্ছে, আগের তুলনায় হজযাত্রীর পরিমাণও বাড়তে পারে। তাই সৌদি কর্তৃপক্ষ বেশি হজযাত্রীর উপস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে।
সূত্র : জিও নিউজ